গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও
উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৫ জন মারা গেছেন। দেশে করোনা
সংক্রমণ শনাক্তের পর রাজশাহীতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮
জুন) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে
মারা যান এই ২৫ জন। এর আগে গত ২৪ জুন ১৮ জন মারা যান, এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল সেটি।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যে ২৫ জন মারা গেছেন তাদের মধ্যে ৯ জন
করোনায় এবং ১৬ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
এদের মধ্যে ১২ জনের বাড়ি বিভাগে
করোনার হটস্পট রাজশাহী জেলায়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নাটোরের ৫ জন, নওগাঁর দুজন এবং চুয়াডাঙ্গার একজন
মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন এরা।
রামেক হাসপাতালের পরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৫ জন মারা গেছেন।
এদের মধ্যে সর্বোচ্চ ১২ জন মারা গেছেন হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে।
এদিকে, হাসপাতাল সূত্র জানিয়েছে, ৪০৫ শয্যার রামেক
হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৫৯ জন।
এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন।
করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে
ভর্তি রয়েছেন ১৮২ জন। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৩৪ জন। করোনা ধরা পড়েনি
হাসপাতালে ভর্তি ৪৩ জনের নমুনায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০
জন। এই একদিনে হাসাপাতল ছেড়েছেন ৫০ জন।