কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে হট্টগোল ও সড়ক অবরোধ

কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে ডিলার পয়েন্টে হট্টগোল ও সড়ক অবরোধ করেছেন কৃষকরা। আজ রোববার সকালে দুই উপজেলায় পৃথক ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে কাশেম ট্রেডার্স নামে সার ডিলার পয়েন্টে সকাল ৮টার দিকে কৃষকরা সারের জন্য জড়ো হন। এর ঘণ্টাখানেক পরও ডিলার পয়েন্টের লোকজন না আসায় ৯টার দিকে উপস্থিত দুই শতাধিক লোক হট্টগোল শুরু করেন। এ সময় ওই দোকানের টিনের বেড়া ভেঙে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে লাঠিচার্জ করে।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, গুদামে সার থাকার পরও ডিলারের লোকজন আসেননি। দেড় থেকে দুইশ লোক উপস্থিত ছিল। তারা হইচই ও ধাক্কা-ধাক্কি করে। কেউ কেউ দোকান ঘরের বেড়ার টিন ভাঙচুর করে। তবে কেউ সার নিয়ে যায়নি।

কচাকাটার কৃষক আমির উদ্দিন জানান, সকালে অন্যদের সঙ্গে আমিও সার নিতে যাই। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও ডিলারের লোকজন আসেনি। সার দিতে টালবাহানা করায় মূলত এমন পরিস্থিতি হয়েছে।

কচাকাটা থানার ওসি অর্পন কুমার দাস জানান, দোকান ঘরে ভাঙচুর হয়নি। তবে দেড় থেকে দুইশ মানুষ ঠেলাঠেলি-ধাক্কাধাক্কি করে। এতে বেড়ার টিন ভেঙে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

এছাড়া ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনিবাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করে লোকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক ঘটনাস্থলে উপস্থিত হন।

আরও