ঘরের দরজায় ঝুলছিল তালা, ঢুকে বিছানায় পেলেন স্ত্রীসহ দুই সন্তানের মরদেহ

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, মা ও দুই সন্তানের মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তান ও তাদের মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭নং ওয়ার্ড পনাশাইল রোডের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মা ময়না আক্তার (২৫) এবং তার মেয়ে রাইসা (৭) ও ছেলে নিরব (২)।

পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় সেনের বাজার এলাকার শান্ত মিয়ার ছেলে রফিকুল ইসলাম। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন পৌরসভার ৭নং ওয়ার্ড পনাশাইল রোডের হৃদয় হাসান হাইয়ুমের বাসায়। আজ সকাল ৯টার দিকে কর্মস্থল রাসেল স্পিনিং কারখানা থেকে বাসায় ফিরে দরজায় তালা ঝুলতে দেখেন রফিকুল। অনেক ডাকাডাকির পরও ঘরের ভেতর থেকে কোনো সাড়া না মেলায় এক পর্যায়ে তালা ভাঙেন তিনি। ভেতরে গিয়ে দেখেন বিছানায় পড়ে রয়েছে স্ত্রী ও দুই সন্তানের গলা কাটা মরদেহ।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কে বা কারা ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, মা ও দুই সন্তানের মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

আরও