ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসের পূর্ব গন্দ্রপা এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশায় থাকা সাতজন ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশও সেখানে যায়। দুর্ঘটনার কারণে সড়কটিতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।