জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিন শিক্ষক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে এ ঘোষণা দেন অধ্যাপক শামীমা সুলতানা, নজরুল ইসলাম, ও নাহরিন খান।
অধ্যাপক শামীমা সুলতানা বলেন, কেন্দ্রে কেন্দ্রে অতিরিক্ত ব্যালট সরবরাহ করা হয়েছে। আমরা এর প্রতিবাদ করেছি। কিন্তু তারা গুরুত্ব দেয়নি। দায়িত্বরতরা বলেছে, অতিরিক্ত ব্যালেট ছিঁড়ে ফেলতে। ভোট শেষে ভোটারের আঙ্গুলে কালো কালির ছাপ দেয়ার কথা, সেটাতে তারা যে মার্কার সরবরাহ করেছে, তা দিয়ে ছাপ দেয়া সম্ভব নয়। এ অবস্থায় আমাদের মনে হয়েছে, আমরা নির্বাচন চালিয়ে যেতে পারি না।
এর আগে দুপুর সাড়ে ৩টার দিকে মাওলানা ভাসানী হলের গেস্টরুমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।