ঘন কুয়াশার কারণে বরিশাল-ঢাকা রুটসহ বরিশালের অভ্যন্তরীণ সব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সিদ্ধান্ত জানানো হয়। আকস্মিক এ সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন বরিশাল-ঢাকাসহ অভ্যন্তরীণ রুটের যাত্রীরা। এর মধ্যে লঞ্চঘাট ত্যাগ করেন কয়েক হাজার যাত্রী।
বরিশাল বিআইডব্লিউটিএ জানায়, ঘন কুয়াশার কারণে সারা দেশে নৌ-দুর্ঘটনা বেড়েছে। নৌ যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আকস্মিক লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নৌ-দূর্ঘটনা কমাতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বরিশালের সঙ্গে সারা দেশের নৌ চলাচল স্থগিত থাকবে।
বরিশাল নদী বন্দর থেকে রোববার রাত ৯ টার দিকে এমভি এমন খান-৭, এমভি পারাবত-১০, এমভি পারাবত-১২, সুরভী-৭ ও ভায়রা রুটসহ পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল। লঞ্চ চলাচল বন্ধ থাকায় কেবিন যাত্রীদের টিকেট ফেরত দেয়া হয়েছে।
বরিশাল বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. সোলেয়মান বলেন, বরিশালের অভ্যন্তরীণ রুটসহ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী সিন্ধান্ত না দেয়া পর্যন্ত সব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তিনি জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিন্ধান্ত নেয়া হয়েছে।