সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে পৃথক ঘটনায় নদী ও মাছের ঘেরের পানিতে ডুবে আজ দুই শিশু মারা গেছে। পাথরঘাটা ও ওয়ারিয়া গ্রামে ঘটনা দুটি ঘটে।
পাথরঘাটা গ্রামের ইউপি সদস্য জাহিদ হোসেন জানান, দুপুর দেড়টার দিকে পাথরঘাটা নদী তীরবর্তী বাসিন্দা আশরাফুল ইসলামের ৪ বছর বয়সী পুত্র ফাহিম স্বজনদের অজান্তে নদীতে পড়ে যায়। পরবর্তীতে শিশুটিকে সাবই খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ি থেকে অন্তত ১ কিলোমিটার দুরে বেতনা নদীতে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা।
এর আগে একই ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে দাদার সঙ্গে ঘেরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শান্ত (১০) নামে অপর এক শিশু মারা যায়।
সেখানকার ইউপি সদস্য ইদ্রিস আলী জানান, আব্দুর রহিমের পুত্র শান্ত আজ সকাল ১০টার দিকে দাদার সঙ্গে পাশ্ববর্তী মাছের ঘেরে যায় মাছ ধরতে। এর পর দাদার অজান্তেই সে ঘেরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুজির একপর্যায়ে ঘেরে জাল দিয়ে শান্তর মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বণিক বার্তাকে জানান, এক শিশু পানিতে ডুবে মারা গেছে এমন খবর জানা গেছে। তবে দুজনের মৃত্যুর বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।