আসন্ন শ্রীলংকা সফরের জন্য গতকাল ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রাথমিক দলের ২১ জনই শ্রীলংকা সফর করবেন।
নভেল করোনাভাইরাসের কারণে এ সফরে কোনো নেট বোলার দেবে না স্বাগতিক শ্রীলংকা। ফলে সফরে অতিরিক্ত কিছু খেলোয়াড় নিয়ে যেতে হচ্ছে বাংলাদেশ দলকে। তাই ২১ জনের দল গড়েছেন নির্বাচকরা। এ দলে ডাক পেয়েছেন শুভাগত হোম চৌধুরী। প্রায় পাঁচ বছর পর তিনি টেস্ট দলে ফিরলেন। সাকিব আল হাসানের জায়গায় ডাক পেয়েছেন শুভাগত।
শুভাগতকে নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, শুভাগত বেশ কিছুটা সময় পর দলে ফিরেছে, যদিও প্রথম শ্রেণীর ক্রিকেটে সে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। আমরা তাকে একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছি, যদিও তার অফ-ব্রেক বোলিংটা বেশ কার্যকর হতে পারে এবং স্পিন বিভাগে আমাদের সুযোগও বাড়বে। ইনজুরির কারণে বাদ পড়েছেন নিউজিল্যান্ড সফর করা পেসার হাসান মাহমুদ। যদিও প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে ডাক পেয়েছেন পেস ত্রয়ী মুকিদুল ইসলাম, শহীদুল ইসলাম ও শরিফুল ইসলাম।
শ্রীলংকায় টেস্ট সিরিজের প্রাথমিক দল:
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান।