মাদারীপুরের শিবচর উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।এ ঘটনায় ছেলেকে আটক করেছে শিবচর থানা পুলিশ।
রোববার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মতি মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কয়েক দিন আগে কাজের সন্ধানে এসে পরিবারসহ মাদারীপুরের শিবচরে অবস্থান করছিলেন তিনি।
শিবচর থানা পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে মতি মিয়াকে কোদাল দিকে কুপিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার ছেলে ফারুক মিয়া (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকেই পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হচ্ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপ মারেন ফারুক। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে ভোরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম নেতৃত্বাধীন পুলিশ একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সেসময় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।
আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।