নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি রাজনৈতিক দল অন্য কিছু দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের জন্য চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়া উচিত এবং নির্বাচন অবশ্যই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হতে হবে। তা না হলে, বাংলাদেশের মানুষ এটি মেনে নেবে না।
আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
কোনো দলের কথা সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, ওই দল জোট গঠন করেছে এবং সংসদ নির্বাচনের আগে গণভোট করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে।
বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, জনগণের অর্থ সাশ্রয় এবং মূল নির্বাচনের গুরুত্ব বজায় রাখার জন্য গণভোট জাতীয় নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হওয়া উচিত। দুইবার ভোট দিতে হলে প্রচুর অর্থ ব্যয় হবে এবং এটি মূল নির্বাচনের গুরুত্ব কমিয়ে দেবে।
যুবসমাজকে দলের আন্দোলন এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন আমরা আমাদের ত্যাগের প্রতি, আমাদের হাজার হাজার শহীদ নেতাকর্মীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এগিয়ে যাই এবং আমাদের বিজয় নিশ্চিত করি।
বিএনপি মহাসচিব আসন্ন নির্বাচনে অংশগ্রহণে বিএনপির দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করে বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, জয়লাভ করব এবং একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা’ হিসেবে উল্লেখ করে মহাসচিব বলেন, তারেক রহমানের ঘোষিত বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি দেশকে এগিয়ে নিয়ে যাবে।