অবশেষে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। আগের নামে আবার নামকরণ করা হয়েছে ‘পঞ্চগড় রেলওয়ে স্টেশন’। সেইসঙ্গে বদলে গেছে স্টেশনের কোড নম্বর।
গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে রেল স্টেশনের নাম পরিবর্তনের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় নেটিজেনদের অনেককে স্টেশনের নাম পরিবর্তনে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
বুধবার রাতে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানজিনা শাহরিন স্বাক্ষরিত দেশের তিনটি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন সংক্রান্ত একটি চিঠি দেখা দেখা যায়। চিঠিটি গত ২৯ জানুয়ারির হলেও দুই সপ্তাহ পরে নাম পরিবর্তনের বিষয়টি প্রকাশ পায়। তবে অনলাইনে টিকিট কাটতে এখনো পূর্বের নাম ব্যবহার করতে হচ্ছে।
মন্ত্রণালয়ের চিঠিতে দেখা যায়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের দুইটি ও পশ্চিমাঞ্চল জোনের একটি স্টেশনের বর্তমান নাম পরিবর্তিত ও স্টেশন কোড পরিবর্তন হয়েছে। তাই বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন কোড বিএমএসএমের স্থলে পঞ্চগড় স্টেশন কোড পিসিজিএস হবে। দেখা যায় অপর দুটি স্টেশনের নাম পরিবর্তন হওয়া স্টেশনগুলো হচ্ছে অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্টেশন ও উমেদ নগর স্টেশন।
জুলাই অভ্যুত্থানের পর থেকেই স্টেশনের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ স্থানীয় অনেকে। এর ফলশ্রুতিতে সরকারি নীতিমালা ও নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা করা হয়। স্থানীয় জনগণের দাবি ও স্থানীয় ঐতিহ্য রক্ষার কথা মাথায় রেখেই স্টেশনটির নাম আবার আগের নাম পঞ্চগড় রেলওয়ে স্টেশনে ফিরে আসে।
জানা যায়, ব্রিটিশ আমলে পাবর্তীপুর-রুহিয়া এবং পাকিস্তান সময়ে ১৯৬৭ সালে রুহিয়া-পঞ্চগড় রেললাইনটি তৈরি হয়। আওয়ামী লীগের টানা ১৭ বছরের শাসনামালে পঞ্চগড়-২ আসন থেকে টানা চারবার সাংসদ নির্বাচিত হন সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী থাকাকালে ২০১৯ সালে স্টেশনটির নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন রাখা হয়। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ছিলেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বড় ভাই। তাই ভাইয়ের প্রতি সম্মান-শ্রদ্ধা জানাতে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন নামকরণ করা হয়েছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের দাবি ছিল। টিকিট কাটতে সহজে কেউ স্টেশনের নাম খুঁজে পেতনা। ভোগান্তিতে পড়তে হতো। তবে বর্তমান সরকার নাম পরিবর্তন করেছে। আমরা খুব খুশি হয়েছি।
পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ বলেন, রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের দাবি ছিল বেশকিছু দিন ধরে। মন্ত্রণালয় সেটি অনুমোদন করেছে। তবে আগের নামে টিকিট কাটতে হবে আরো কয়েকটি। মন্ত্রণালয় থেকে রেলওয়ে ডিজির কাছে চিঠি আসলে সেটি রেলসেবা অ্যাপে দ্রুতই পরিবর্তন হবে বলে জানতে পেরেছি।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, অনলাইনে টিকিট কাটাসহ নানা ভোগান্তি নিয়ে রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের দাবিটি স্থানীয়দের অনেকদিনের। পরবর্তীতে আমরা নাম পরিবর্তনের বিষয়ে মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠাই। যার ফলশ্রুতিতে মন্ত্রণালয় নাম পরিবর্তন করে একটি চিঠি ইস্যু করে। আমরা আশা করি, অনলাইনে টিকিট কাটতে এখন আর অসুবিধা হবে না।
উল্লেখ্য, স্টেশনটিতে বর্তমানে ঢাকামুখী ৩টি, রাজশাহীমুখী একটি, রংপুরমুখী ও দিনাজপুরগামী একটি আন্তঃনগর ট্রেন রয়েছে। ট্রেনগুলো হচ্ছে- একতা, দ্রুতযান, পঞ্চগড়, দোলনচাঁপা, কাঞ্চন।