গণমাধ্যমের স্বাধীনতার মাধ্যমেই সরকার জবাবদিহির মধ্যে থাকতে চায়: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স এখনো এক মাস পূর্ণ হয়নি। ভোটের সময় দেয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন এরই মধ্যে শুরু হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি স্বাধীন ও দায়িত্বশীল থাকবে, সরকার তত বেশি জবাবদিহির মধ্যে থাকবে। তিনি বলেন, সরকার গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতার মধ্য দিয়ে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায়।

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আজ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে এ কাজের উদ্বোধন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স এখনো এক মাস পূর্ণ হয়নি। ভোটের সময় দেয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন এরই মধ্যে শুরু হয়েছে।

জহির উদ্দিন স্বপন জানান, পরিবারের জন্য পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। কৃষক পরিচয়পত্র দেয়ার প্রস্তুতি চলছে। কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং ইমামদের ভাতা দেয়ার কাজও শুরু হয়েছে। একই সঙ্গে খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রমও শুরু হয়েছে।

তিনি আরো বলেন, ঈদের পরপরই গণমাধ্যমকে ডেকে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জাতিকে বিস্তারিত জানানো হবে।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা দূর করার জন্য খাল খনন কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং ভূ-পৃষ্ঠের পানির সঠিক ব্যবহার নিশ্চিত হবে। এতে জাতীয় খাদ্য নিরাপত্তা জোরদার হবে।

তিনি আরো বলেন, বিগত সরকারের সঙ্গে বর্তমান নেতৃত্বের পার্থক্য হলো প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে দৃঢ়তা। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন এবং সরকারের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতা দেয়ার কথাও বলেছেন।

আরও