খুলনা নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এক গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় পুলিশ দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী গৃহকর্মীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি করেন বলে জানান সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম।
গ্রেফতাররা হলেন- ওই থানায় কর্মরত এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র। নির্যাতনের শিকার গৃহকর্মীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর মা নরসিংদী জেলার নিশ্চিন্তপুর থেকে খুলনায় এসে মামলাটি করেন। মামলার পর পুলিশ দম্পতিকে গ্রেফতার দেখানো হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। আর এএসআই পপি মিত্র অসুস্থ হয়ে পড়ায় তাকে থানার প্রিজন সেলে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরের দিকে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকায় একটি বাড়ির বারান্দায় এক কিশোরীকে একাধিকবার কান ধরে উঠবস করানো হচ্ছিল। উঠবস করতে দেরি হলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হচ্ছিল। এ সময় তাকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দিতেও দেখা যায়।
এ দৃশ্য দেখে সেখানে আগে থেকেই উপস্থিত থাকা এক সংবাদকর্মী ও কয়েকজন সামাজিক সংগঠনের নারী নেত্রী ওই বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে তাদের বাধা দেয়া হয়। পরে তারা ৯৯৯-এ কল দিয়ে পুলিশ নিয়ে ভেতরে ঢুকে গৃহকর্মীকে উদ্ধার করেন। তার চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু লোকজন অভিযোগ করে বলেছেন, হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীর ওপর এ নির্যাতন চালান গৃহকর্ত্রী।