মাদারীপুরে দোকানঘর ভাড়া দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৮ জন আহত

মাদারীপুরের কালকিনিতে দোকানঘর ভাড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে নারীসহ আহত হয়েছেন অন্তত ৮ জন। গতকাল শনিবার (৯ নভেম্বর) সন্ধ‌্যায় কালকিনি পৌরসভার চরবিভাগদী এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। হামলায় জসিমউদ্দিন বেপারী ও তার সহোদর কামরুজ্জামান ওয়াসিম, ওয়াসিমের চাচা আকবর আলী বেপারী, ওয়াসিমের বোন সালমা আক্তার, ওয়াসিমের ছেলে সিফাত আহমেদ, চাচাতো ভাই ইমরান বেপারী, ইমদাদ হাওলাদারসহ ৮ জন আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালকিনি উপজেলার চরবিভাগদী গ্রামের জসিমউদ্দিন বেপারী ও তার সহোদর কামরুজ্জামান ওয়াসিম তাদের দোকানঘর অগ্রিম ৫০ হাজার টাকার বিনিময়ে তিন বছরের জন্য ভাড়া দেয় বিপ্লব বেপারীর কাছে। চুক্তি মোতাবেক তিন বছর শেষে বিল্পব অগ্রিম ৫০০০০ টাকা নিয়ে দোকানঘর মালিকদের বুঝিয়ে দেন। সম্প্রতি জসিমউদ্দিন ও তার ভাইয়ের কাছে আরো ৫০ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন বিল্পব। শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ভুরঘাটা যাবার পথে কালকিনি থানার মোড়ে ওয়াসিমের গতিরোধ করেন বিপ্লব। এরপর দু’জনের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়রা বিপ্লব ও ওয়াসিমকে শান্ত করলে দু’জনেই বাড়িতে চলে যায়। পরে সন্ধ‌্যায় বিল্পব লোকজন নিয়ে ওয়াসিম ও তার পরিবারের উপর হামলা চালায়। এ সময় তিনজনকে কুপিয়ে জখম ও ৫ জনকে পিটিয়ে আহত করা হয়।

ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহতদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এদিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

আরও