বিশ্ব নদী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নদী রক্ষা ও প্রকৃতির সুরক্ষায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নদী ও প্রকৃতিবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব।
নৌ শোভাযাত্রাটি জেলা শহরের আনন্দ বাজার নৌকাঘাট থেকে শুরু হয়ে ভাদুঘর বাজার নৌকাঘাট প্রদক্ষিণ করে পুনরায় আনন্দ বাজারে এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে নদীর দুই তীরের বাসিন্দার মাঝে দখল ও দূষণ রোধে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। কর্মসূচিতে ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ বলেন, ‘সারা দেশে নদী দখল ও দূষণ বন্ধ করে অবিলম্বে সীমানা পিলার স্থাপন করতে হবে। এ নৌ র্যালির মাধ্যমে দেশের নদ-নদীর নাব্যতা ফিরিয়ে এনে বন্ধ হয়ে যাওয়া ২৪ হাজার কিলোমিটার নৌপথ সচল করার দাবি জানাচ্ছি।’