সারা দেশে খনন করা হবে ২০ হাজার কিমি খাল: তথ্যমন্ত্রী

খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ সকালে বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে এ তথ্য দেন তিনি।

মন্ত্রী বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে সুফল তা আজ প্রমাণিত সত্য। পরবর্তীতে খালগুলো মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে তাও প্রমাণিত হয়েছে। ফলে সেই ধারাবাহিকতা তারেক রহমান নেতৃত্বে খাল খন কর্মসূচি শুরু করা হয়েছে।’

খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করব না। আমরা জনগণের সরকার করব। নির্বাচিত হলে আমরা সরকার থাকব, না হলে সরকার থাকব না। কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেব।’

বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পূনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। যা শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পূনঃখনন কর্মসূচি শুরু করা হলো। একইসাথে বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু করা হয়েছে।’

আরও