রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ৩০ আসামির মধ্যে পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাদের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ।
আজ সোমবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন সকালে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়া হয়। অভিযোগপত্রে ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে চারজন গ্রেফতার রয়েছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।
এ সময় মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১০ জুলাই ধার্য করা হয়। ওইদিন এ মামলার আসামিদের মধ্যে গ্রেফতার চারজনকেও ট্রাইব্যুনাল-২ এ হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়লে ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আবু সাঈদের (২৫)। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন।