কক্সবাজারের বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় একটি ফিশিং ট্রলার দ্বিখণ্ডিত হয়ে গেছে। এ ঘটনায় নিউজিল্যান্ডের একটি পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের নাজিরারটেক চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ট্রলারডুবির ঘটনায় নিউজিল্যান্ডের একটি পরিবারের তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তবে এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।
স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যরা গত কয়েকদিন ধরে কক্সবাজার ও আশপাশের এলাকায় ভ্রমণ করছিলেন। মঙ্গলবার একটি ফিশিং ট্রলারে করে সাগরে যাওয়ার সময় উত্তাল সমুদ্রে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে পরিবারের সদস্যরা সাগরে পড়ে যান। দুর্ঘটনার পর কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তারা তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে একটি শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় জেলেদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ শিশুটির সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছেন।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে।