রাজধানীর গেন্ডারিয়া থানার ত্রিশ পিচ ইয়াবা উদ্ধারের একটি মামলার আসামি মো. রাজিব হোসেন রাজুকে (৩৪) মুক্তিযুদ্ধ ও নৈতিকতা বিষয়ে ৪টি বই পড়া, মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি সিনেমা দেখা এবং ৫টি গাছ রোপণের দণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার এ রায় ঘোষণা করেন।
ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিত রাজু রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ১৮, ২০ বসুবাজার লেনস্থ লিভিং অ্যাপার্টমেন্টের মৃত গোলাম মাওলার ছেলে।
২০১৭ সালের ৬ নভেম্বর রাজু গেন্ডারিয়া থানাধীন এসকে দাস রোডস্থ নাজির হোসেনের বাড়ির সামনে থেকে ৩০ পিস ইয়াবা বড়িসহ গ্রেফতার হন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। পরদিন গেন্ডারিয়া থানার এসআই মো. সাজ্জাদুজ্জামান মামলাটি দায়ের করেন। বিচার চলাকালে আদালত চার্জশিটভুক্ত ১২ জন সাক্ষীর মধ্যে বাদী ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে রায় ঘোষণা করেন আদালত।
আদালত রায়ে বলেছেন, ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ ধারায় আসামিকে শাস্তির পরিবর্তে প্রবেশন অফিসারের তত্ত্বাবধায়নে এক বছরের জন্য প্রবেশ মঞ্জুর করা হলো। যার মধ্যে ওই সময়ের মধ্যে আসামি একই ধরনের বা অন্য কোনো অপরাধ করবেন না, মাদক সেবন করবেন না, খারাপ সঙ্গীর সঙ্গে মিশবেন না, আদালত ও আইন প্রয়োগকারী সংস্থা তলব করলে যথাসময়ে উপস্থিত হবেন। এছাড়া ওই সময়ের মধ্যে তাকে মহান মুক্তিযুদ্ধে ওপর প্রকাশিত একাত্তরের দিনগুলি, একাত্তরের চিঠি এবং নৈতিকতার উপর প্রকাশিত ২টি বই পড়বেন ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত সিনেমা ‘আগুনের পরশমনি’ দেখতে হবে। আর একই সময়ে তিনি ২টি বনজ ও ৩টি ফলজ বৃক্ষ রোপণ করবেন।
আসামি উল্লেখিত কোনো শর্ত ভঙ্গ করলে বা তার আচরণ সন্তোষজনক না হলে তার প্রবেশন বাতিল হবে এবং শাস্তি হিসেবে ৬ মাস কারাভোগ করতে হবে। তার প্রবেশন সময় সন্তোষজনক হলে আসামির চাকরিসহ ভবিষ্যৎ জীবনে কোথাও অযোগ্য বলে গণ্য হবেন না।