পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পরিবেশ অনুকূল হলেই ভারতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরের সময় এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। আজ ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের একটি সম্ভাব্য সময় নিয়ে গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, গুঞ্জনের ভিত্তিতে তিনি আলোচনা করতে চান না। বাস্তবতা হলো, খুব ভালো বৈঠক হয়েছে। অদূর ভবিষ্যতে ইতিবাচক ফল পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্কে কিছু চ্যালেঞ্জ রয়েছে। আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ অতিক্রম করা হবে। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সফরের জন্য যখন অনুকূল পরিবেশ তৈরি হবে, তখনই সফরটি অনুষ্ঠিত হবে।
সফরের সময় নির্ধারণ হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এখনই সময় নির্ধারণের বিষয়টি আসছে না। আলোচনার মাধ্যমে দুই পক্ষ একটি পারস্পরিক অবস্থানে পৌঁছালে এবং সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হলে তারিখ ও সময় নিয়ে আলোচনা করা হবে।
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আলোচনা বেশ আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে। কিছু চ্যালেঞ্জ থাকলেও সংলাপ ও আলোচনার মাধ্যমে সেগুলো মোকাবেলা করা হবে। এসব চ্যালেঞ্জ অতিক্রম করার বিষয়ে বাংলাদেশ আশাবাদী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তার নিয়োগের জন্য অভিনন্দন জানান।
বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নিউইয়র্কে সদ্য শেষ হওয়া ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের বিষয়ও ছিল।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থ ও জনগণের কল্যাণে ভারতের সঙ্গে ভবিষ্যতমুখী এবং পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ উপায়ে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন।