ডব্লিউএফপি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট। বৈঠকে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারী ও শিশু উন্নয়ন, দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি উন্নয়নে সরকারের চলমান উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে। নারীর ক্ষমতায়ন, অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা জাতীয় উন্নয়ন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ বলেও উল্লেখ করেন তিনি ।

তিনি জানান, সরকার গঠনের ২১ দিনের মধ্যে নারী প্রধান পরিবারের নামে পাইলট পর্যায়ে ৩৭ হাজার ৮১৪টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রভিত্তিক ডাটাবেইজ তৈরির মাধ্যমে পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ডব্লিউএফপির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করে মন্ত্রী বলেন, দুর্যোগকালীন খাদ্য সহায়তা, পুষ্টি কর্মসূচি ও জরুরি ত্রাণ কার্যক্রমে সংস্থাটির ভূমিকা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ সহযোগিতা আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে দরিদ্র মায়েদের পুষ্টি সহায়তা, শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা কার্যক্রমে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

ডব্লিউএফপির পক্ষ থেকে সিমোন পার্চমেন্ট বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং নারী ও শিশু কল্যাণে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় আরো সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন তিনি।

আরও