রাঙামাটির কাউখালী উপজেলায় প্রশিক্ষণের সময় পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) উপজেলার বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) ঘটনা ঘটে।
আহত তিন পুলিশ সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে নেয়া হয়েছে তাদের।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানান, বেতবুনিয়ায় প্রশিক্ষণকালে এক নারী পুলিশ সদস্যের অসাবধানতার কারণে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের চট্টগ্রামে নেওয়া হয়েছে। তিনজনই সুস্থ আছেন।
পিএসটিএসে ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, আহতদের চট্টগ্রাম উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। সবার অবস্থা শঙ্কামুক্ত। প্রশিক্ষণকালে এমন ঘটনা ঘটেছে, এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।