এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ

আন্তর্জাতিক সালিসি আদালতে এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের করা মামলার বিরুদ্ধে লড়তে ব্রিটিশ একটি ল ফার্ম নিয়োগ দিচ্ছে সরকার। এই আইনি লড়াইয়ে সংশ্লিষ্ট ল ফার্মকে ঘণ্টায় ১ হাজার ২৫০ মার্কিন ডলার ফি দিতে হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ল ফার্ম নিয়োগ এবং অর্থ ব্যয়ের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন অর্থ পাচারের ব্যাপারে এস আলম বোধ হয় একটা মামলা করেছে লন্ডনে এবং চ্যালেঞ্জ করেছে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটসে (আইসিএসআইডি)। তাদের বিরুদ্ধে লিগ্যাল ফাইট (আইনি লড়াই) করার জন্য আমরা একজন আইনজীবী নিয়োগ করব। এখানে বহু টাকার ব্যাপার।’

কোন দেশের এবং কোন প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে—এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নামটা এই মনে মুহূর্তে নেই। এটা একটা ব্রিটিশ ফার্ম।’

অর্থ পাচারের ব্যাপারে এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, কোনো দেশের সরকার বা কোম্পানি ব্যবসা-বাণিজ্যে বাধা দিলে বিশ্বব্যাংকের আইসিএসআইডি আরবিট্রেশন করে। আরবিট্রেশন আমাদের নোটিশ দিয়েছে। জবাব দিতে হবে আমাদের এবং এটা খুব জটিল।’

গত বছরের অক্টোবরে ওয়াশিংটনে অবস্থিত আইসিএসআইডিতে এস আলম ও তার পরিবারের আইনজীবীরা আনুষ্ঠানিকভাবে সালিসি মামলার আবেদন করেন। এতে অভিযোগ করা হয়, অবৈধ অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ সরকার যে সম্পদ জব্দ, বাজেয়াপ্ত ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, তাতে তাদের শত শত কোটি ডলারের ক্ষতি হয়েছে।

এস আলম পরিবার দাবি করেছে, সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তারা আন্তর্জাতিক বিনিয়োগ সুরক্ষা পাওয়ার অধিকার রাখে। একই সঙ্গে তারা বাংলাদেশের ১৯৮০ সালের বিদেশি ব্যক্তিগত বিনিয়োগ আইনের অধীনেও সুরক্ষা দাবি করছে।

আরও