দেশের
বৃহত্তম রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুরে আসন্ন ঈদ সামনে রেখে
মেরামত করা হচ্ছে ৯০টি কোচ। ঈদুল আজহায় অতিরিক্ত যাত্রী পরিবহন করতে এ কোচ মেরামত
করা হচ্ছে। জনবল সংকট ও বাজেটস্বল্পতার মধ্যেও
ঈদে চাহিদামতো মেরামত করা হচ্ছে কোচগুলো। এর মধ্যে ৫৯টি
ব্রডগেজ ও ১৩টি মিটার
গেজ কোচ।
সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে প্রস্তুত করা ৭২টি কোচ রেলওয়ের পাকশী ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। আর অবশিষ্ট ১৮টি কোচের মেরামতকাজ চলছে, যা পর্যায়ক্রমে আগামী ১৩ জুনের মধ্যে হস্তান্তর করা হবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপের ইনচার্জ প্রকৌশলী মোমিনুল ইসলাম বলেন, ‘প্রতি বছর ঈদ উপলক্ষে কারখানায় বাড়তি কোচ মেরামত করা হয়। এবারো মেরামত করা হচ্ছে ৯০টি কোচ। কারখানার ক্যারেজ, বগি ও পেইন্ট শপে কোচের বডি, ট্রলি ও রঙের কাজ হচ্ছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কস ম্যানেজার শেখ হাসানুজ্জামান বলেন, ‘ঈদ সামনে রেখে অতিরিক্ত রেলকোচ মেরামতে ব্যস্ত সময় পার করছেন রেলওয়ে কারখানার শ্রমিকরা। আশা করি, সময়মতো রেল কোচ মেরামত সম্পন্ন হবে এবং ঈদযাত্রায় যাত্রীরা নির্বিঘ্নে নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন।’
কারখানা সূত্রে জানা গেছে, রেলওয়ে কারখানার ২৯ শপে (উপকারখানা) ২ হাজার ৮৫৯ জন লোকবলের বিপরীতে মাত্র ৮৬০ জন কর্মরত আছেন। আর এর সঙ্গে রয়েছে বাজেটস্বল্পতা। এমন সমস্যার মধ্যে অধিকসংখ্যক কোচ মেরামত করা হচ্ছে। এদিকে কোচ মেরামতের লক্ষ্য পূরণ করতে দৈনিক ও ছুটির দিন মিলিয়ে অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করছেন শ্রমিক-কর্মচারীরা।