চাঁদা না দেয়ায় মোশাব্বির হোসাইন (২৫) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তিনি তাড়াশ থানায় অভিযোগ দিয়েছেন।
মোশাব্বির হোসাইন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মাসিন্দা বাহাদুরপাড়া গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার (৩ জুন) বিকালে ঘটনাটি ঘটে।
অভিযোগ থেকে জানা যায়, একই গ্রামের মৃত আযাজ উদ্দিন মন্ডলের ছেলে মো. জুব্বার মন্ডল (৫০) ও মো. বোরহান উদ্দিন (৪৮) এবং জুব্বার মন্ডলের ছেলে মো. সাগর (২৬) প্রায় ১৫ দিন পুর্বে অভিযোগকারীর বাবা মো. আলমগীর হোসেনের নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করে। মোশাব্বির হোসাইন ঈদের ছুটিতে বাড়িতে এসে ৩ জুন বিকালে তাড়াশ উপজেলার ধামাইজ বাজারে গেলে অভিযুক্তরা তার মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে চাঁদা চায়। এ সময় তারা গালিগালাজ করে, গালিগালাজ করতে নিষেধ করলে তারা বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে প্রহার এবং ইট দিয়ে মাথায় আঘাত করে মোশাব্বির হোসাইনকে জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, মোশাব্বির হোসাইনের অভিযোগ পেয়েছি। একজন এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে, সে তদন্ত করছে। তদন্ত করে দেখে ব্যবস্থা নেয়া হবে।