ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লার গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাহমিদা আজিম কাকলী (৫৪)। রোববার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।
বড় ভাই মনজুরুল আজীম পলাশ জানান, কয়েক দিন আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয় তার। অবস্থার অবনতি হলে শনিবার ঢাকায় নেয়া হয়। সেখানে রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চিকিৎসকরা চেষ্টা করলেও রোববার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্বজনরা জানান, তার মরদেহ হিমঘরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে থাকা কন্যা তুর্না দেশে ফিরলে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।
ডা. ফাহমিদা আজিম কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লার কনসালট্যান্ট ছিলেন।