খুলনায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একা চলাচল না করার নির্দেশ দেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে এ নির্দেশ দেয়া হয়। গত শুক্রবার রাতে পুলিশ সুপারের ডিএসবি শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।
চিঠিতে বলা হয়, চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। এ অবস্থায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাতে একা চলাচল না করার নির্দেশ দেয়া হয়েছে।