চাঁদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আজ শনিবার (১৪ জুন) সকাল সোয়া ৯টার দিকে মতলব–বাবুরহাট সড়কের বরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরের মতলব-বাবুরহাট সড়কে যাত্রীবাহী বাসের চাপায় মো. মুরাদ হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধুপুর গ্রামের শাহজাহানের ছেলে।

আজ শনিবার (১৪ জুন) সকাল সোয়া ৯টার দিকে মতলব–বাবুরহাট সড়কের বরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, চাঁদপুরের বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরদিয়া এলাকায় সরকারবাড়ির কাছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মুরাদ হোসেন গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঢাকায় নেয়ার পথে তার অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সেই তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলাম লিমন তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে গেছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে পাঠায়। রাস্তায় তার মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ৮ জুন একই এলাকায় জৈনপুর পরিবহনের বাসের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো চার যাত্রী।

আরও