এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সরকার সে পথেই হাঁটবে বলেও তিনি জানান। ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। এছাড়া যদি প্রয়োজন মনে হয় তদন্ত করতে হবে। কারণ যেহেতু বিষয়গুলো আদালতে আছে।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।’
যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে। দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করা হচ্ছে।’
নিজ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁও-১ আসনের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এ আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।’