রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পিজি হাসপাতালের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পিজি হাসপাতালের (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জোহর সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিউদ্দিন আহমেদ এবং ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সেলিম। এছাড়া সহযোগী অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ডা. আউয়াল বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনে রুহুল কবির রিজভী প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তিনি নয়াপল্টন কার্যালয়ে টানা ৭৮৭ দিন অবস্থান করে নেতার প্রতি শ্রদ্ধাবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গণতন্ত্র ও খালেদা জিয়ার প্রতি ভালোবাসার কারণে তিনি নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখেননি। ১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হলেও তিনি কখনো আপস করেননি।’

তিনি আরো বলেন, ‘গত নির্বাচনে দলকে বিজয়ী করতে বিরামহীন পরিশ্রম করতে গিয়ে গত ১০ ফেব্রুয়ারি রুহুল কবির রিজভী ভাইরাল নিউমোনিয়াতে আক্রান্ত হন।’

মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।

আরও