কুড়িগ্রাম
জেলার প্রায় ২৩ লাখ মানুষের
বাস। বিপুলসংখ্যক এ জনগোষ্ঠীর উন্নত
চিকিৎসার জন্য ২০১৭ সালে জেলা সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে সে অনুপাতে চিকিৎসক
নিয়োগ দেয়া হয়নি। ১০০ শয্যার জনবলের কম চিকিৎসক দিয়ে
চলছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি। এতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানায়, উদ্বোধনের দেড় বছরের মাথায় নষ্ট হয়ে পড়েছে আধুনিক ভবনের দুটি লিফটই। সিঁড়ি বেয়ে ৭ ও ৮ তলায় ওঠানামা করতে হয় গুরুতর রোগীদের। আন্তঃবিভাগে চিকিৎসাসেবা কিছুটা স্বাভাবিক থাকলেও জনবল সংকটে বহির্বিভাগে রোগীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘ লাইনে। তাতেও মিলে না চিকিৎসকের দেখা।
হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা আমেনা বেগম জানান, ডাক্তার দেখাতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইলে দাঁড়িয়ে থাকতে হয়। তার পরও ডাক্তারের দেখা পাওয়া যায় না। ডাক্তার বেশি থাকলে আমাদের হয়রানি হতে হয় না।
সরজমিনে দেখা গেছে, আধুনিক ভবনের লিফট প্রায় সময় বন্ধ থাকে। গুরুতর রোগীদের সিঁড়ি বেয়ে বহুতল ভবনে উঠতে হচ্ছে। আবার হার্টের রোগীদেরও ওঠানামা করতে হচ্ছে সিঁড়ি দিয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে বর্তমানে ৪৩টি চিকিৎসক পদ রয়েছে। তবে কর্মরত রয়েছেন ২০ জন। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছেন আড়াই হাজারের বেশি রোগী। এছাড়া ভর্তি থাকছেন প্রায় ৪৫০ জন। রোগীদের উন্নত চিকিৎসার জন্য ২০২৩ সালে উদ্বোধন করা হয় আটতলার নতুন আধুনিক ভবনের। সম্প্রতি নতুন ভবনের দুটি লিফট ও পানির পাম্প প্রায় অকেজো হওয়ায় দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা।
চিকিৎসা নিতে আসা রাবেয়া বেগম বলেন, ‘হাসপাতালে রোগী নিয়ে এসেছি। লিফট বন্ধ, এ কারণে রোগী নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। নতুন ভবনে লিফট নষ্ট থাকবে কেন? আমাদের কষ্ট করে সাত ও আট তালায় ওঠানামা করতে হয়।’
হাসপাতালের আন্তঃবিভাগে চিকিৎসা নিতে আসা আরেক রোগী জয়নাল আবেদীন বলেন, ‘গুরুতর কোনো রোগী এলেই রংপুর মেডিকেলে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে চিকিৎসা হয় না। আমরা এ জেলার মানুষ, এখানেই চিকিৎসা নিতে চাই। পর্যাপ্ত চিকিৎসক চাই।’
জনবল সংকটের বিষয়টি স্বীকার করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ। তবে সমস্যা সমাধানের চেষ্টার কথাও জানান তিনি। ডা. শহিদুল্লাহ বলেন, ‘১০০ শয্যার জনবল দিয়ে চিকিৎসা সেবা চালানো হচ্ছে। সেখানেও জনবল সংকট রয়েছে। লিফটের সমস্যা সমাধান ও আটতলা ভবনের জন্য আরো লিফট স্থাপনে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।’