সাতক্ষীরা সীমান্ত দিয়ে আবারো ছয় বাংলাদেশীকে বিজিবির কাছে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১৮ জুন) রাতের দিকে সাতক্ষীরার কুশখালি সীমান্তে আন্তর্জাতিক আইনের নিয়ম মেনে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
পরে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বিজিবি তাদের আটক করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে। আনুষ্ঠানিকতা শেষে পুলিশ তাদেরকে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়।
হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন— সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তোতলা গ্রামের মুন্সি নজরুল হকের ছেলে আবু সাঈদ মুন্সি, রংপুরের মুন্সিগঞ্জ এলাকার নাজিম উদ্দিনের ছেলে ওয়াজ কুরুনী, নারায়ণগঞ্জের কদমতলী গ্রামের মো. মাসুদের স্ত্রী রোকসানা বেগম, যশোরের শার্শা উপজেলার বাঘআছড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী সাবরিনা খাতুন, একই উপজেলার সনাতনকাটি গ্রামের ইব্রাহিম সরদারের মেয়ে মোছা. হাফিজা বেগম ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের ওমর আলীর স্ত্রী রোকসানা খাতুন।
বিজিবির তথ্যানুযায়ী, তারা সবাই ২ থেকে ৬ বছর আগে সাতক্ষীরার ভোমরা, কুশখালি সীমান্তসহ বিভিন্ন সীমান্ত পথ ব্যবহার করে দালালের সহায়তায় অবৈধভাবে ভারতের মুম্বাই শহরে পাড়ি জমিয়েছিলেন। সেখানে কেউ গৃহকর্মীর কাজ করতেন, কেউবা কৃষিকাজে নিয়োজিত ছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের বোম্বে এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার তারালি ক্যাম্পের বিএসএফের হাতে হস্তান্তর করে।
বিজিবির কুশখালি ক্যাম্পের হাবিলদার মেজবাহউদ্দীন বলেন, ‘বিএসএফের তারালি ক্যাম্পের পরিদর্শক বিকাশ রায় আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ছয় বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেন। এরপর তাদের সাতক্ষীরা সদর থানায় পাঠানো হয়।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, ‘বিজিবির কাছ থেকে আমরা ৬ জন নারী-পুরুষকে গ্রহণ করেছি। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’