রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে জোর করে পদত্যাগপত্রে সই করিয়ে কার্যালয় থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় আব্দুস সালাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাজপাড়া থানা বিএনপির সহসভাপতি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, রামেবি উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসেন গতকাল রাতে রাজপাড়া থানায় একটি মামলা করেন। রাতেই মামলাটি নথিভুক্ত করা হয়। ওই মামলার ভিত্তিতেই আব্দুস সালামকে গ্রেফতার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর কৃষক দলের সভাপতি শরীফুজ্জামান শামীমের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করে। ওই দলে রাজশাহী মহানগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আল মোস্তাক শাহীন, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কামাল এবং জিয়া মঞ্চের সভাপতি বুলবুল ও সাধারণ সম্পাদক লাল্টুও ছিলেন।
এ সময় তারা উপাচার্য ও তার ব্যক্তিগত সহকারীর সই করা দুটি পদত্যাগপত্র নিয়ে যায়। পাশাপাশি উপাচার্যের মোবাইল ফোন ও ল্যাপটপও নিয়ে নেয়া তারা। পরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা কার্যালয়ের সিসিটিভি সরঞ্জাম খুলে নেয়া, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং কয়েকটি কক্ষে তালা দেয়ার বিষয়টি দেখতে পান। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম ব্যাহত হয়। এ সময় সেকশন অফিসার নাজমুল হোসেনকে চড়থাপ্পড় মারার অভিযোগও রয়েছে।
উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হক বলেন, কার্যালয়ে প্রবেশকারীদের মধ্যে কয়েকজন স্থানীয় ঠিকাদারের সঙ্গে সম্পৃক্ত বলে তার মনে হয়েছে। অন্যরা বহিরাগত এবং তাদের পেছনে রাজনৈতিক গোষ্ঠীর সমর্থন ছিল বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্য, তাকে স্থানীয় ঠিকাদারদের পরিবর্তে ঢাকাভিত্তিক প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজের চুক্তি দেয়ার অভিযোগ করা হয়। এ সময় তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান দেয়া হয়।
তিনি বলেন, ওই দলটি জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয় এবং তাকে কার্যালয় থেকে বের করে দেয়। পরে কার্যালয়ে তালা লাগিয়ে দেয়া হয়। এ বিষয়ে তিনি স্থানীয় প্রশাসনকে জানান এবং অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে এবং ‘মব কালচার’-এর প্রতিবাদে বুধবার বেলা ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। ‘রাজশাহীর সর্বস্তরের চিকিৎসক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।