কুষ্টিয়ায় মক্তব থেকে ফেরার পথে মাইক্রোবাসচাপায় চার শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। একই দিন নরসিংদীর রায়পুরায় সড়ক পার হওয়ার সময় বাসচাপায় মুনতাহা (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিমুলিয়া কুঠিপাড়া মসজিদের মক্তব থেকে বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যায়। আহত হয়েছে আরো দুজন।
নিহতরা হলো খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের হানিফ শেখের মেয়ে মিম খাতুন (১২), পালন শেখের দুই মেয়ে তানজিলা (১১) ও মারিয়া (১০) এবং হেলাল শেখের মেয়ে বিথি খাতুন (১২)। আহতরা হলো পালন শেখের আরেক মেয়ে সাদিয়া (১৩) ও আনোয়ার হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১০)।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, চুয়াডাঙ্গাগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মাইক্রোবাসচালক পলাতক রয়েছেন।
খোকসা থানার ওসি আননূর যায়েদ জানান, ঢাকা থেকে আসা মাইক্রোবাসের ধাক্কায় মারিয়া, তানজিলা ও বিথি ঘটনাস্থলেই মারা যায়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় মিম। মাইক্রোবাসটি আটক করা হয়েছে।
অন্যদিকে নরসিংদীর রায়পুরায় সড়ক পার হওয়ার সময় বাসচাপায় মুনতাহা নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুটির নানী মমতাজ বেগম (৫০)। গতকাল বেলা ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মুনতাহা রায়পুরা উপজেলার পিরিজকান্দীর প্রবাসী মো. মামুন মিয়ার মেয়ে। আহত মমতাজ বেগম শিবপুর উপজেলার গাবতলীর মোশারফ হোসেনের স্ত্রী।
ভৈরব হাইওয়ে থানা পুলিশ জানায়, ভৈরব যাওয়ার জন্য নাতনি মুনতাহাকে সঙ্গে করে মরজাল বাসস্ট্যান্ডে আসছিলেন মমতাজ বেগম। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে মুনতাহা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন মমতাজ বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক মো. বাবুল মিয়া জানান, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।