গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা মামলায় প্রধান আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
শুক্রবার রাত থেকে শুরু হওয়া বিভিন্ন অভিযান চালিয়ে গাজীপুর মহানগর ও জেলাসহ বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হল, জামালপুরের মেলান্দহ থানার মাহমুদপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. মিজান ওরফে কেটু মিজান (৩৪), তার স্ত্রী জামালপুরের মেলান্দহ থানার ফেরিঘাট গ্রামের মো. সোলাইমানের মেয়ে পারুল আক্তার ওরফে গোলাপি (২৮). পাবনার ফরিদপুর থানার সোনাহারা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. স্বাধীন (২৮), খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার ময়লাপোতা গ্রামের মোহাম্মদ হানিফ মিয়ার ছেলে মো. আল আমিন (২১),কুমিল্লার হোমনা থানার অনন্তপুর গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে মো. শাহজালাল (৩২), পাবনার চাটমোহর থানার পাচবাড়ীয়া গ্রামের কিয়ামউদ্দিন হাসানের ছেলে মো. ফয়সাল হাসান (২৩), শেরপুর জেলার নকলা থানার চিতলিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে সুমন ওরফে সাব্বির (২৬)।
গ্রেফতারদের কাছ থেকে একটি রামদা, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আটজনকে শনাক্ত করা হয়। এরই মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আরো কেউ জড়িত কিনা বিষয়টি গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে।
নিহত মো. আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। গত বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন।
পুলিশ আরো জানায়, গ্রেফতারদের কাছ থেকে একটি রামদা, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।