প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের এমপি সালমান ফজলুর রহমান বলেছেন, সব নেতাকর্মীকে দেশের উন্নয়ন ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি বর্তমান সরকারের সব উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
গতকাল
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মর্যাদাশীল উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ার সুপারিশ লাভ করেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, দলের প্রতিটি নেতাকর্মীকে সুসংগঠিত হতে হবে। দলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও আলী আহসান খোকন সিকদারের সঞ্চালনায় জয়পাড়া
পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক
মেহের আফরোজ চুমকি এমপি, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খাতুন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত প্রমুখ।
সম্মেলনে দোহার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে সভাপতি ও সাবেক সহ-সভাপতি নূরুল হক বেপারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।