নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মাছ ধরার অভিযোগে বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ৩৫টি ট্রলারসহ ১৫০ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পায়রা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
নিষেধাজ্ঞার শেষ সময় শেষ হয়ে আসায় অনেক জেলে আগেভাগে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে টানা অভিযান চালায় প্রশাসনের বিভিন্ন সংস্থা। এ সময় ৩৫টি ট্রলারসহ ১৫০ জন জেলেকে আটক করে প্রশাসন।
জব্দ এসব ট্রলার স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় শুক্রবার রাত ১২টা পর্যন্ত আটক রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া প্রতিটি ট্রলারের মালিককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে তালতলী উপজেলা ভূমি কর্মকর্তা সেবক মণ্ডল বলেন, ‘রাতভর পায়রা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের মাছ শিকার করার সময় হাতে-নাতে আটক করা হয়েছে। মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বলেন, ‘নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড শুরু থেকেই তৎপর রয়েছে। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।’