কুমিল্লায় লরির নিচে চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় আজ শনিবার (২৩ আগস্ট) হানিফ পরিবহন ও লরির চালকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এছাড়া সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের সমন্বিত মতামতের ভিত্তিতে পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন থেকে সব যানবাহনকে ঘুরে আসতে হবে।
কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, পদুয়ার বাজার ইউটার্ন এলাকাটি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, হাইওয়ে পুলিশ ও সওজের কর্মকর্তারা পরিদর্শন করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী রোববার সড়ক ও যোগাযোগবিষয়ক একটি সমন্বিত সভা রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে। সেখান থেকে সমন্বিতভাবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত ইউটার্নটি বন্ধ থাকবে। এ ঘটনায় নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে উল্টো পথে আসা হানিফ পরিবহন ও লরিচালকের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় একটি মামলা করেছেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, শুক্রবার দুপুরে পদুয়ার বাজার ইউটার্নে চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে চাপা দিলে একই পরিবারের চারজন নিহত হন। উল্টোপথের হানিফ পরিবহনের একটি বাসকে পাশ কাটাতে গিয়ে প্রাইভেটকারকে চাপা দেয় লরিটি। এ ঘটনায় মামলা করেছে নিহতদের পরিবার।