সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান মন্ত্রীর

মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন এই উদ্যোগেরই অংশ। এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমবে এবং জাতীয় গ্রিডের ওপর চাপও হ্রাস পাবে।

দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি ব্যয় কমানো এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব অব্যবহৃত ছাদ ও স্থাপনা কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড প্রাঙ্গণে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাসম্পন্ন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন এই উদ্যোগেরই অংশ। এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমবে এবং জাতীয় গ্রিডের ওপর চাপও হ্রাস পাবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সৌরবিদ্যুৎ উৎপাদন ও এর ব্যবহার উৎসাহিত করতে যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের কর ছাড় এবং উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুতের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। সিদ্ধান্তের আলোকেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে গ্রাহকরা প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দাম পাবেন।

ফকির মাহবুব আনাম বলেন, দেশের উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষা ও জ্বালানি দক্ষতাকে সমন্বয় করতে হবে। তিনি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের উদ্যোগের প্রশংসা করে জানান, এ ধরনের বাস্তবমুখী উদ্যোগ অন্যান্য সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হতে পারে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের চেয়ারম্যান বিলকিস জাহান রিমি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই কেন্দ্র স্থাপনের ফলে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমবে এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সৌরবিদ্যুতের ব্যবহার আরো বাড়ানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুয়াই জাহানাত উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম প্রকল্পটির উদ্দেশ্য, উৎপাদন সক্ষমতা এবং সম্ভাব্য সুফল তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ১ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন এবং প্রতিষ্ঠান প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, ১ মেগাওয়াট ক্ষমতার এই সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে খরচ হয়েছে ৫ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৭১৫ টাকা। এর ফলে প্রতি মাসে প্রতিষ্ঠানের ১৫ লাখ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। প্রতিষ্ঠানটির ৯০০ কিলোওয়াট চাহিদা পূরণের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। আগামী চার বছরের মধ্যে এই কেন্দ্র স্থাপনের প্রাথমিক খরচ উঠে আসবে।

আরও