জনগণের দুঃখ-কষ্ট দূর ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি রোধ করতে বাজার সিন্ডিকেট দমন, দুর্নীতিবাজদের বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু।
আজ শনিবার সকালে ফেনী শহরের একটি কনভেনশন সেন্টারে জাসদের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ইনু বলেন, বাঙালি, বাংলা, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি যতদিন রাজনীতির মাঠে থাকবে ততদিন দেশে রাজনৈতিক অস্থিরতা, সংঘর্ষ, সংঘাত, অশান্তির অবসান হবে না। তাই একাত্তরের পরাজিত চিরশত্রু জামাত-বিএনপিকে বর্জন ও পরাজিত করার রাজনৈতিক সংগ্রামে সবাইকে কাজ করতে হবে। দেশে সুশাসন ও সমাজতন্ত্রকে এগিয়ে নিতে সমানতালে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমিন। জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক নাঈমুল হাসান জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য নুরুল আকতার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, মির্জা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী এবং জসিম উদ্দিন বাবুল।