গাজীপুরে ঠিকাদার প্রতিনিধি পরিচয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় মামলা করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. ইকবাল হোসেন। তিনি ঢাকার কামরাঙ্গীরচর এলাকার মেসার্স সাগর কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করেন।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের প্রকৌশলী রাকিব হাসান জানান, ৪ মে গাছা থানাধীন ছয়দানা হাজীপুর পুকুর পশ্চিম পাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মোতালেব হোসেনের বাসাসহ বেশ কয়েকটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরে কোনো ধরনের অনুমোদন ছাড়া বিচ্ছিন্ন করা রাইজার পুনরায় নির্মাণ করে তিতাস গ্যাসের কর্মকর্তা পরিচয়ে অর্থের বিনিময়ে অবৈধ সংযোগ দেয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে নজরদারি চালানো হয়। এ সময় মো. ইকবাল হোসেনকে সংযোগ কার্যক্রম চালাতে গিয়ে স্থানীয়দের সন্দেহে হাতেনাতে আটক করা হয়।
পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় আঞ্চলিক লিগ্যাল ও প্রশাসন বিভাগের কর্মকর্তা শেখ মো. আমিনুল ইসলাম, প্রকৌশলী রাকিব হাসান, সুশান্ত হালদার, আসলাম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় গতকাল বুধবার গাছা থানায় একটি মামলা করা হয়েছে। গাছা থানার উপ-পরিদর্শক লিটন জানান, অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগে আটক ইকবাল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ রোধে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি তিতাসের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।