চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার জয়রামপুর চায়ের দোকান নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান (৩০) জেলার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের নওদাপাড়ার হাবিবুর রহমানের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন আশিক। এসময় জয়রামপুর চায়ের দোকান নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন আশিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহাযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল কাদের তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আশিকের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
ওসি আরো জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।