ঢাকায় ৩৭টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র থাকবে বডি ওর্ন ক্যামেরা: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার বলেন, ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া থাকবে বডি ওর্ন ক্যামেরা, যাতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।

ত্রয়োদশ জাতীয় সংষদ নির্বাচনে ঢাকা মহানগরীর ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার জানান, ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬১৪টি। এ কেন্দ্রগুলোতে ৪ জন করে পুলিশ সদস্য থাকবে। আর ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে তিনি বলেন, ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া থাকবে বডি ওর্ন ক্যামেরা, যাতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।

তিনি আরো জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ২৫ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার ও অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।

আরও