মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয় পেয়ে নেত্রকোনাবাসীর অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন। বাংলাদেশ আজ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সকলেরই দেশরত্ন শেখ হাসিনার প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে।’
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ও অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আজ শনিবার দুপুরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকউল্লাহ খানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, ইউজিসির অধ্যাপক ড. ফখরুল আলম, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সুব্রত কুমার আদিত্য, নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।
এসময় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কলা, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত বাংলা, ইংরেজি, অর্থনীতি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথমবর্ষের (স্নাতক) ১২০ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণকৃত জমির মালিকদের হাতে চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।