বরিশাল নগরীতে পিকআপভ্যানে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় রাহুল হাওলাদার (২২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় আরো দুইজন পালিয়ে গেছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার রাত ১টা পর্যন্ত বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন বিসিসির ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি নীল ও হলুদ রঙের পিকআপ ভ্যানের কাছে থাকা তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। ওই সময় ধাওয়া করে রাহুল হাওলাদারকে আটক করতে সক্ষম হয় অভিযানকারী দল।
পরে তাকে জিজ্ঞাসাবাদের পর দেয়া তথ্যের ভিত্তিতে পিকআপের পেছনের মেঝের নিচে তৈরি করা গোপন স্থান থেকে গাঁজা উদ্ধার করা হয়। সেখান থেকে ৩০টি পলিথিনের বোঁচকায় রাখা ৩ কেজি করে মোট ৯০ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, আটকদের স্বীকারোক্তি অনুযায়ী পালিয়ে যাওয়া অন্য দুইজন হলেন— নগরীর দুর্গাপুর এলাকার সিরাজ মিয়া (৩৭) এবং রসুলপুর এলাকার পলাশ হাওলাদার (৪২)। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।