চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই ও আগস্টে বৈদেশিক সহায়তার অর্থ ছাড়ের চেয়ে দ্বিগুণের বেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ সরকার। গত দুই মাসে বিদেশী থেকে ঋণ ছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। বিপরীতে পরিশোধ করতে হয়েছে ৬৯ কোটি ৮৯ লাখ ডলার। আজ রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, জুলাই ও আগস্টে মোট ঋণ পরিশোধ করা হয়েছে ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৮ হাজার ৬২৬ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে পরিশোধ করা হয়েছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার বা ৮ হাজার ১৩১ কোটি টাকা। গত দুই মাসে পরিশোধিত অর্থের মধ্যে মূল ঋণ বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, যা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা। আর সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।
অন্যদিকে বিদেশ থেকে ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে অর্থছাড়ের পরিমাণ ছিল ৭৫ কোটি ৭০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে অর্থছাড় কমেছে ৪৫ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার।
এছাড়া নতুন করে ঋণের প্রতিশ্রুতি এসেছে ২৪ কোটি ডলার। আগের বছরের একই সময়ে ২৪ কোটি ৩৮ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি এসেছিল।