মেহেরপুর সদর থানা চত্বরে বোমা বিস্ফোরণে
দুই শিশু মারাত্মক আহত হয়েছে। তাদের একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে
চত্বর সংলগ্ন মসজিদের পাশে খেলতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় তারা।
আহত শিশুরা হলো থানা পাড়ার নাসিমের ছেলে সাইদ
(১১) ও গোভিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে রুবেল হোসেন (১০)।
পুলিশ তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল
হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে সাইদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের
চিকিৎসক অমৃত সরকার জানান, রুবেল অনেকটা আশঙ্কামুক্ত। তবে সাইদের ডান হাতের কবজি বিচ্ছিন্ন
হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বোমা বিস্ফোরণ
ঘটে। দ্রুত দুই শিশুকে দুটি শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ সদস্যরা।
বোমা দুটি পুলিশের উদ্ধারকৃত না-কি দুষ্কৃতিদের
রেখে যাওয়া তা নিয়ে কোন মন্তব্য করেনি পুলিশ। তবে পরিত্যক্ত বোমা বিস্ফোরণ ঘটেছে বলে
স্বীকার করছে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)
আজমল হোসাইন জানান, শিশু দুটি থানা চত্বরে খেলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমা দেখতে
পায়। প্লাস্টিকের টেপ ছাড়াতে গিয়ে ইটের ওপর আঘাত করায় বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় তারা
আহত হয়।
থানার চত্বরে বোমার অবস্থান সম্পর্কে জানা
ছিল না বলে মন্তব্য করেন তিনি। সঙ্গে যোগ করেন, এর মধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে এবং
বিষয়টি তদন্ত করা হচ্ছে।