ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

স্বাধীন নামে এক বাস শ্রমিকের ভাষ্যমতে, ঢাকা থেকে বের হওয়ার সময় যাত্রীদের চাপ রয়েছে। তবে, ফিরতে হয় খালি। পুষিয়ে নিতে কিছু টাকা বাড়তি নিতে হয়।

রোজার ঈদ উপলক্ষে প্রতি বছরের মত এবারও ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি ছুটছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ঢাকা থেকে মাদারীপুরের শিবচরগামী যাত্রীরা দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় ঈদগামী যাত্রীরা এ অভিযোগ করেছেন।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দক্ষিণাঞ্চলগামী লেনে দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের ব্যাপক চাপ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা প্রায় সব গণপরিবহনেই যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। লোকাল বাসগুলোতেও স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে, যা ঈদযাত্রার চিরাচরিত দৃশ্য।

যাত্রীরা বলেন, ঢাকার যাত্রাবাড়ী ও গুলিস্তান থেকে শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড পর্যন্ত স্বাভা‌বিক সম‌য়ে ভাড়া ১৭০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে যাত্রাবাড়ী ও গুলিস্তান থেকে বিভিন্ন পরিবহন সিটের ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা এবং দাঁড়ানো যাত্রীদের কাছ থেকে ২৫০-৩০০ টাকা আদায় করছে।

ঢাকা থেকে আসা যাত্রী আলাউদ্দিন আলাল বলেন, ‘পরিবারের তিনজনকে নিয়ে গুলিস্তান থেকে বাসে ওঠেছি। বাসে উঠার আগে বলছে, দাঁড়িয়ে গেলে ৩০০ টাকা ভাড়া এবং বসে গেলে ৫০০ টাকা ভাড়া লাগবে। পরে অনেক অনুরোধ করে ৪০০ টাকা দিয়ে পাঁচ্চরে এসেছি।’

রুবাইত হোসেন নামের এক যাত্রী বলেন, ‘লম্বা ছুটি পাওয়ায় প্রতিবছরের মত এবারও ঈদ উদযাপনের লক্ষ্যে শিবচরে এসেছি। দুঃখের বিষয় হচ্ছে প্রত্যেকবারের মত এবারও বাস মালিকরা ১৫০-২০০ টাকা বাড়তি আদায় করছে।’

স্বাধীন নামে এক বাস শ্রমিকের ভাষ্যমতে, ঢাকা থেকে বের হওয়ার সময় যাত্রীদের চাপ রয়েছে। তবে, ফিরতে হয় খালি। পুষিয়ে নিতে কিছু টাকা বাড়তি নিতে হয়।

মাদারীপুরগামী যাত্রী তামিম রহমান বলেন, ‘ঈদকে সামনে রেখে ঢাকা থেকে মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় পরিবহনে করে যাত্রীরা বাড়ি যাচ্ছেন। এটাকে পরিবহন সেক্টরের কিছু অসাধু লোকজন সেবা হিসেবে না দেখে সুযোগ হিসেবে দেখে অতিরিক্ত অর্থ গ্রহণ করছেন। যা উচিত নয়।’

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বলেন, ‘ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে ও দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। যানবাহনের গতি নিয়ন্ত্রণে কাজ চলছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আমরা পাইনি। তবে অভিযোগ পেলে সেই পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেব।’

আরও