দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রশাসক নিয়োগ ও দলীয় প্রতীকে নির্বাচন না হবার যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল সেগুলো অতি দ্রুততম সময়ের মধ্যে আমরা বিল আকারে সংসদে পেশ করবো

স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ পাশের মাধ্যমে আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৪ এপ্রিল) সকালে সদ্য নিয়োগপ্রাপ্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রশাসক নিয়োগ ও দলীয় প্রতীকে নির্বাচন না হবার যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল সেগুলো অতি দ্রুততম সময়ের মধ্যে আমরা বিল আকারে সংসদে পেশ করবো। সেটি সংসদ সদস্যেরা আইন আকারে পাশ করলেই আমরা দ্রুততম সময়ের মধ্যে বিনা দলীয় প্রতীকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোয় নির্বাচন করবো।

উপস্থিত জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকদের সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, যারা ফ্যাসিবাদী সরকারের সময়ে নির্যাতনের স্বীকার হয়েও দলের প্রয়োজনে কাজ করেছেন, এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব নেতাকে দলীয় মনোনয়ন দেয়া সম্ভব হয়নি, তাদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তবে দলীয় বিবেচনায় দায়িত্ব পেলেও তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, এসব প্রশাসক ভবিষ্যতে নির্বাচনে অংশ নেবেন, তাই নিজেদের স্বার্থেই তারা নিরপেক্ষ আচরণ করবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ পাওয়া সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে বলেও জানান মীর শাহে আলম।

আরও