বরিশালের গৌরনদীতে একটি ফিলিং স্টেশনে প্রবেশের সময় জ্বালানি তেলবাহী একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালক দ্রুত লরিটি স্টেশন থেকে সরিয়ে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।
রোববার (৫ এপ্রিল) বিকেলে গৌরনদী নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম জানান, পদ্মা ডিপোর পেট্রোলবোঝাই একটি লরি তেল সরবরাহের জন্য সেন্ট পিটার ফিলিং স্টেশনে প্রবেশ করে। এ সময় আকস্মিকভাবে লরিতে আগুন ধরে যায়। চালক তাৎক্ষণিকভাবে লরিটি ফিলিং স্টেশনের সামনের গৌরনদী-আগৈলঝাড়া সড়কে নিয়ে আসেন। এ সময় ফিলিং স্টেশন ও এর পার্শ্ববর্তী এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।